প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম
(ভিজিট : ১৫)
জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন। এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়।
এর আগে গত আগস্টে জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর একটি হিসেবে উল্লেখ করেছিলেন। সে সময় তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহ এবং বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছিলেন।