ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর এবং পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলে বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে শ্রমিকদের একটি মিছিল বের হয়। মিছিলটি আশপাশের পোশাক কারখানার সামনে গেলে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুরের আশঙ্কায় মালিকপক্ষ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করে।
অন্যদিকে বিকেল ৩টার দিকে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। বিকেল পৌনে ৫টার দিকে ওই মহাসড়কেও যান চলাচল শুরু হয়।
এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী, শিরিরচালা ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিকেরা অবরোধ ও বিক্ষোভ করেন। এসব এলাকায়ও যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাঘের বাজার এলাকায় দায়িত্ব পালনরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ করেছিলেন। তাঁদের দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। এর মধ্যে মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে। শ্রমিকপক্ষের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।