প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম
(ভিজিট : ১২)

সংগৃহীত ছবি
শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রটির ভাষ্য।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পান। এ আসনে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা রয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ওসমান ফারুক বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতা ও রাজনীতিতে যুক্ত হন। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই রাজনীতিক।