বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার থাকলেও তা শান্তিপূর্ণ হওয়া উচিত বলে মন্তব্য করেছে সংস্থাটি। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে এ অবস্থান তুলে ধরে জাতিসংঘ।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের নিয়মিত ব্রিফিংয়ে উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত।
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে সাম্প্রতিক হামলার বিষয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়; বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ২০টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। আক্রান্ত শাখাগুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরের বিভিন্ন শাখা।
এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পত্তির ক্ষতি করছে না; এর ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা গ্রহণ, সঞ্চয় এবং জীবিকার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ব্যাংকটি দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে থাকে।