বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে স্থগিত বৈঠকের তারিখ ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম  (ভিজিট : ৩০)
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠানের কথা জানানো হয়েছে।

সভায় শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
 
এর ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ।

দ্বিতীয় সভায় মালিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]