বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


শ্রেণিকক্ষের বাইরেও দক্ষতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম  (ভিজিট : ১০)
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়াশোনার মধ্য দিয়ে নয়, খেলাধুলা এবং শিল্পকলা ও সংস্কৃতির চর্চার মাধ্যমেও নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষাজীবন শেষ করার সময় একজন শিক্ষার্থী যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিতেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরকার অনুকূল পরিবেশ তৈরি এবং খেলার মাঠের ব্যবস্থা করতে কাজ করছে।

ভবিষ্যৎ কর্মবাজারে বাড়তি সুবিধা পেতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করছে সরকার বলে জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের পরিবেশ ও প্রকৃতির প্রতি ব্যক্তিগতভাবে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে, প্রাণীদের প্রতি সদয় হতে হবে এবং বাড়ির আশপাশে ও খালি জায়গায় গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে তাঁকে হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানায়। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিউর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]