বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রমবান্ধব নীতি গ্রহণ ও নতুন শ্রম আইন প্রণয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে বলে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে।

তিনি বলেন, এই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পাওয়ার সুযোগ বাড়বে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান সরকারের নীতিগত উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তাঁর দাবি, অতীতে শ্রমিকদের অধিকার ও সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন নীতির কারণে বাংলাদেশ এ ধরনের মার্কিন অর্থায়নের সুযোগ পায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের গত নয় মাসের নীতিগত ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থার কারণেই এ সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং নতুন শ্রম আইন পাস করেছে। শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এসব পদক্ষেপে আন্তর্জাতিক অংশীদার ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতিবাচক সাড়া দিয়েছে বলে তিনি মনে করেন।

ডিএফসির অর্থায়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এ সুবিধার আওতায় কোনো প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে অর্থায়ন পাবে না। প্রতিটি প্রকল্প আলাদাভাবে বা ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্পভিত্তিক নতুন সুযোগ তৈরি হয়েছে।

মাহদী আমিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এই উদ্যোগ অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বলে আশা করেন তিনি।

ডিএফসির অর্থায়নের যোগ্যতা কাজে লাগিয়ে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাঁর প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আন্তর্জাতিক পরিসরে একটি উদাহরণ হয়ে উঠবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]