জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ডি-৮-এর উচ্চপর্যায়ের জলবায়ুবিষয়ক মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
‘ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় প্রস্তাবিত সংশোধনীগুলো উপস্থাপন করেন।
অধিবেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের প্রস্তাবে বলা হয়, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর নিজস্ব চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের জন্য অনুদানভিত্তিক ও সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তির উন্নয়ন, ব্যবহার ও সম্প্রসারণে সদস্যদেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ লক্ষ্য বাস্তবায়নে ডি-৮-এর আওতায় একটি পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ প্ল্যাটফর্মের অধীনে সদস্যদেশগুলোর মনোনীত বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি দল গঠন এবং ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত রোডম্যাপে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
অধিবেশনে বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করা, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং চক্রাকার অর্থনীতির বিকাশেও সরকারের অগ্রাধিকারের কথা জানানো হয়।
বর্জ্য ব্যবস্থাপনায় সদস্যদেশগুলোর যৌথ উদ্যোগের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। এতে বর্জ্য উৎপাদন কমানো, উৎস পর্যায়ে বর্জ্য পৃথক করা, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদন এবং বর্জ্য থেকে ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে যৌথ পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে অবশিষ্ট বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকা সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সদস্যদেশগুলোকে কারিগরি দলে প্রতিনিধি মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম সভা আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রস্তাবে লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। কপ৩১ শেষ হওয়ার পরও ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে জলবায়ুবিষয়ক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, কার্যকর অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উদ্যোগ এবং পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।
অধিবেশনে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম, ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদসহ সদস্যদেশগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।