শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


শিক্ষার্থীদের হাতে ১,৭০০ গাছের চারা, সবুজ কালীগঞ্জ গড়ার উদ্যোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিট : ১৪)
গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ১ হাজার ৭০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. খাইরুল আহসান মিন্টু এবং বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একটি গাছ শুধু আমাদের ফল দেয় না; পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একটি শিশু জন্মের পর যেমন তার যত্ন নিতে হয়, ঠিক তেমনি একটি চারা রোপণের পর নিয়মিত যত্ন নিতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেটিকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে।”

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থী তাসকা দেলোয়ার ও আলিফা ইসলাম স্বর্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার এবং তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়। আয়োজকরা মনে করছেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণের এ উদ্যোগ স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]