প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:১৭ পিএম
(ভিজিট : ৩৫)
গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা বরাদ্দ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৫৭ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ১৫০ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন, ২০টি অসহায় পরিবারের মাঝে ছাগল এবং ১০টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, বিশুদ্ধ পানির ফিল্টার, সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর বাক্কু, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।