প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম
(ভিজিট : ১১)
জরুরি প্রয়োজনে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় ‘রক্তখুঁজি’ নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে চালু হওয়া এ ওয়েবসাইটকে ঘিরে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
আজ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম। এ ছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীর চিকিৎসা ব্যাহত হয়। এ ধরনের উদ্যোগ জরুরি মুহূর্তে রক্তদাতা খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সংগঠনটির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, ‘রক্তখুঁজি’ কেবল একটি ওয়েবসাইট নয়, এটি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে প্রয়োজনের সময় স্বেচ্ছায় রক্তদাতাদের খুঁজে পাওয়া আরও সহজ হবে। মানুষের জীবন বাঁচাতে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মানবিক সেবার প্রত্যয় নিয়ে ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের এ উদ্যোগ কচুয়ায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।