শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ৯
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:০৪ পিএম  (ভিজিট : ১৭)
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তাদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বিজিবি জানায়, শেরপুরের স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে পাচারের চুক্তি হয়। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ ভেতরে হারিয়াকোনা পাহাড়ি এলাকায় ভারতে প্রবেশের অপেক্ষায় অবস্থান নেন।

বিজিবির দাবি, সীমান্তে কঠোর নজরদারির কারণে তারা বুধবার রাতে সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাদের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা ছিল। তবে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]