শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিট : ৩২)
শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘টেকসই ক্যাম্পাস উদ্যোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল।

এছাড়াও বক্তব্য দেন ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হাসান, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা ডলি, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সাথী, জামালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর(বাক্কু) মিয়া এবং সাংবাদিক আল-আমিন দেওয়ান।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠে মনোযোগী করে তোলা, শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান, শিক্ষক-অভিভাবক মতবিনিময়, হোম ভিজিট, নিয়মিত মূল্যায়ন ও কার্যকর মনিটরিং জোরদার করতে হবে। একই সঙ্গে নোট ও গাইড বইয়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রতিদিনের পাঠ শ্রেণিকক্ষেই সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা ও আলোর ব্যবস্থা, নিরাপদ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিতকরণ, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বাগান সৃষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত রেখে শিক্ষা-সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

কর্মশালা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মর্জিনা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মহসিন ভূঁইয়া এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে জামালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন আক্তার নির্বাচিত হন।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইউসুফ কাজী, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে নাগরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুনমুন আক্তার এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (লিডার ট্রেইনার) হিসেবে দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহানাজ বেগম সম্মাননা লাভ করেন।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগের উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন এসএম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগের চ্যাম্পিয়ন উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]