প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩১ পিএম
(ভিজিট : ৮৮)
গাজীপুর সদর উপজেলার নয়নপুর আরপি গেইট এলাকার বারুইপাড়া মৌজায় আর এস ৪২৯৮ দাগে ১নং খতিয়ান ভুক্ত জেলা প্রশাসকের শত কোটি টাকা মূল্যের জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হন দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর প্রতিনিধি আব্দুল আজিজ।
গত ১০ জুন স্থানীয় জনৈক ব্যক্তি নয়া দিগন্তের সাংবাদিক আব্দুল আজিজকে ফোনে তথ্য দেন যে, আরপি গেইট এলাকায় বনের জায়গায় বহুতল ভবন নির্মাণ হচ্ছে। তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাপ্ত তথ্যের সততা যাচাই করতে গিয়ে দেখা যায়, যেখানে ভবন নির্মাণ হচ্ছে সেই জায়গার কিছু অংশ বন বিভাগের এবং অধিকাংশ জেলা প্রশাসকের এক নম্বর খতিয়ানের জায়গা। পরে সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে জানালে তিনি বলেন এই জায়গাটা বনের না। পাশে বনের দাগ থাকলেও ডিমারগেশন ছাড়াই বহুতল ভবন নির্মাণ হচ্ছে। পরে বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে জানালে তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে নির্মাণ কাজ সাময়িক বন্ধ করে দেন। পরবর্তীতে অবৈধ দখলদাররা সংশ্লিষ্ট সংবাদ কর্মীকে অবৈধ সুবিধা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু ম্যানেজ করতে ব্যর্থ হয়। পরে আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে জবরদখলকারীদের নাম ঠিকানা সংগ্রহ করতে গেলে স্থানীয় ভূমিদস্যু রাসেল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবেদককে ডেকে নিয়ে মব সৃষ্টি করে তার ওপর হামলা করেন।
রাসেলের নেতৃত্বে ১০-১৫ জন এলোপাথারি মারপিট করে প্রতিবেদককে মারাত্মকভাবে আহত করেন। পরবর্তীতে প্রতিবেদককে ফাঁসানোর উদ্দেশ্যে জোরপূর্বক তার পকেটে কিছু টাকা রেখে আবার বের করে ভিডিও বক্তব্য নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন।প্রতিবেদক মিথ্যা বলতে সম্মত না হলে তাকে জোরপূর্বক উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে চেষ্টা করেন। পথিমধ্যে প্রতিবেদক সামনে সেনাবাহিনীর চেকপোস্ট দেখে ভূমিদস্যুদের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে গিয়ে চেকপোস্টে আশ্রয় নিয়ে জিবন রক্ষা করেন। পরে বিষয়টি সাংবাদিক সহকর্মীদের জানানোর পরে তারা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।