প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৮ পিএম
(ভিজিট : ১৮)

সপ্তাহের কর্মব্যস্ততা শেষে ছুটির দিনটি মানেই একটু স্বস্তি, পরিবারের সঙ্গে চমৎকার কিছু মুহূর্ত ভাগ করে নেওয়া। আর এই ছুটির আমেজকে আরও প্রাণবন্ত ও জমজমাট করতে চমৎকার মাধ্যম হতে পারে ওটিটি প্ল্যাটফর্ম। বাইরে ঘোরাঘুরির পাশাপাশি ড্রয়িংরুমে বসে পরিবারের সবার সাথে আড্ডা আর বিনোদনের জন্য এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পেয়েছে কিছু দারুণ সিনেমা ও সিরিজ। থ্রিলার, ড্রামা থেকে শুরু করে রোমাঞ্চ—সব স্বাদ মিলবে এবারের তালিকায়। তাহলে আর দেরি কেন? ছুটির এই অলস দুপুরে বা জমজমাট সন্ধ্যায় পপকর্ন নিয়ে বসে পড়ুন পরিবারের প্রিয়জনদের সাথে।
ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যা তার ভালোবাসার জন্য দুর্গম এক যাত্রা শুরু করে। কিন্তু এর শেষ কোথায়? উত্তর জানতে হলে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখতে হবে ‘লাইফলাইন’। কাজী আসাদের এ ছবির প্রধান চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম। তার চরিত্রের সফর ঘিরেই এগোবে গল্প। এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ। যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। দুজন মিলে ঝগড়াও করছেন।
রহস্য, রোমাঞ্চ আর খবরের কাগজের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক গোপন সত্যের সন্ধানে নেমেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহান। পরিচালক সালেহ সোবহান অনীমের নির্মাণে ২৫ জুন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে বিশ্বব্যাপী একযোগে মুক্তি পেছেছে এই সিরিজটি।
দক্ষিণ কোরিয়ান সুপারস্টার সো জি-সব অভিনীত অ্যাকশন-প্যাকড থ্রিলার 'এজেন্ট কিম রিঅ্যাক্টিভেটেড' আজ (২৬ জুন) থেকে প্রিমিয়ার হয়েছে নেটফ্লিক্সে। গল্পটি একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে ঘিরে, যাকে বাধ্য হয়ে আবারও গুপ্তচরবৃত্তির বিপজ্জনক দুনিয়ায় ফিরে আসতে হয়। নিজের অপহৃত মেয়েকে উদ্ধার এবং একটি বিশাল ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করতে তিনি তাঁর পুরনো দক্ষতাগুলো কাজে লাগান। টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই সিরিজটি অ্যাকশনপ্রেমীদের দারুণ বিনোদন দেবে।
'এজেন্ট কিম রিঅ্যাক্টিভেটেড'
উডি অ্যালেন পরিচালিত এবং অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেটের অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ সিনেমা 'ব্লু জেসমিন' ২৬ জুন থেকে স্ট্রিমিং শুরু হয়েছে প্রাইম ভিডিওতে। এক জন অভিজাত নারীর ব্যক্তিগত ও আর্থিক সংকটের পর কীভাবে তাঁর বিলাসবহুল জীবন ভেঙে পড়ে, সেই গল্পই উঠে এসেছে এখানে। নতুন করে জীবন গড়ার লড়াইয়ে তিনি তাঁর আত্মীয়দের সাথে থাকতে শুরু করেন এবং এক সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হন। যারা ড্রামা ঘরানার সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি মাস্ট-ওয়াচ ফিল্ম।
'দিস ইজ নট আ মার্ডার মিস্ট্রি'
১৯৩৬ সালের পটভূমিতে নির্মিত পিরিয়ড ড্রামা ও রহস্যের মিশেল 'দিস ইজ নট আ মার্ডার মিস্ট্রি' ২৬ জুন থেকে দেখা যাবে লায়ন্সগেট প্লে-তে। গল্পের মূল চরিত্র একজন তরুণ শিল্পী, যে হঠাৎ এক মৃত নারীর লাশের পাশে জেগে ওঠে এবং আবিষ্কার করে যে গত রাতের কোনো স্মৃতিই তার মনে নেই। নিজেকে নির্দোষ প্রমাণ ও সত্য উন্মোচনের লড়াইয়ে সে জড়িয়ে পড়ে এক জটিল তদন্ত, গোপনীয়তা ও প্রতারণার জালে।
'ইন দ্য আই অব দ্য স্টর্ম'
বাস্তব জীবনের প্রাকৃতিক দুর্যোগের রোমহর্ষক ও গা শিউরে ওঠা ফুটেজ নিয়ে তৈরি ডকুমেন্টারি সিরিজ 'ইন দ্য আই অব দ্য স্টর্ম'-এর চতুর্থ সিজন আগামী ২৮ জুন প্রিমিয়ার হতে যাচ্ছে প্রাইম ভিডিওতে। হারিকেন, টর্নেডো বা বন্যার মতো বিধ্বংসী চরম আবহাওয়ার মুখোমুখি হওয়া মানুষের প্রত্যক্ষ বিবরণ ও নাটকীয় ভিজ্যুয়াল এতে তুলে ধরা হয়েছে। প্রকৃতির ধ্বংসাত্মক রূপের পাশাপাশি মানুষের টিকে থাকার লড়াইয়ের গল্প বলবে এই নতুন সিজন।