বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


চালকের ছদ্মবেশে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুই
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিট : ৪৬৮)
গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত স্বর্ণালংকার, আইফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের হারুন আহমেদ নাসিরের মেয়ে ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে যাওয়ার উদ্দেশ্যে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি রিজার্ভ করেন। রাত সাড়ে ৯টার দিকে সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাস এলাকায় পৌঁছালে চালক পূর্বপরিকল্পিতভাবে এক ব্যক্তিকে যাত্রী হিসেবে গাড়িতে ওঠায়।

এ সময় শোভা প্রতিবাদ করলে ওই ব্যক্তি তার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়। পরে তার কাছ থেকে প্রায় সোয়া দুই ভরি স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয়। এরপর তাকে বাইপাস মোড়ে ধাক্কা দিয়ে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে।
পরদিন পুলিশ তদন্তে নেমে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে পলাশ উপজেলার ঘোড়াশাল আলীরটেক এলাকার ফিরোজ মিয়ার ছেলে সিএনজি চালক আরমান মিয়া (২৮)কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগী হিসেবে শায়ন ওরফে চয়ন (২৯)-এর নাম প্রকাশ করে।

পরে পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি (রেজি নং: গাজীপুর-থ-১২-০৮১১) জব্দ করে এবং ছিনতাইকৃত মালামালের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করে।
এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে গত ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-৭) দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]