সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিশ্বকাপের অপেক্ষা ৪ দিনের: স্মরণে ইতিহাসের সেরা ১০ ফুটবল মহাতারকা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : )
ফুটবল বিশ্বকাপ সবাইকে এক সমতলে নিয়ে আসে। এখানে সবাই অভিজাত স্কুলের মাঠে বা ব্যয়বহুল সুযোগ-সুবিধায় বেড়ে ওঠে না। কেউ রিও ডি জেনিরোর বস্তি, নাইরোবির ঝুপড়ি ঘর থেকে, কেউ আবার মোনাকো বা বেভারলি হিলসের অভিজাত পরিবেশ থেকে ফুটবলের মাঠে আসে। পৃথিবীর প্রায় সব প্রান্তের শিশুই ফুটবল খেলেই বড় হয়। এই খেলার সবচেয়ে বড় সৌন্দর্য হলো- অনেক সময়ই সাধারণ পটভূমি থেকে উঠে আসা খেলোয়াড়রাই হয়ে ওঠেন জাতির নায়ক, মাঠের ভেতর ও বাইরে আইকন। বিশ্বকাপ সেই জায়গা, যেখানে কিংবদন্তিরা নিজেদের ইতিহাস লেখেন।

দশকের পর দশক ধরে ‘সর্বকালের সেরা ১০ বিশ্বকাপ ফুটবলার’ নিয়ে বিতর্ক চলছে, যা আগামী দিনেও চলবে। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে এখানে তুলে ধরা হলো আমাদের মতে ইতিহাসের সেরা ১০ জন বিশ্বকাপ তারকার পথম ৫ জনের কথা:

পেলে- ফুটবল বিশ্বে ব্রাজিলের পেলের চেয়ে বড় কোনো ‘আইকন’ কি কখনো এসেছে? কি কেউ জানত যে এই ১৭ বছরের ছেলেই একদিন ফুটবলের সম্রাট হবেন? পেলে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিন তিনবার বিশ্বকাপ জয় করেছেন: ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে তিনি দীর্ঘ সময় দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। পুরো বিশ্বে তাঁর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এতটাই ছিল যে, ১৯৬৯ সালে নাইজেরিয়ার গৃহযুদ্ধের সময় দুই পক্ষই কেবল পেলের খেলা দেখার জন্য ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, যাতে সবাই লাগোসে তাঁর একটি প্রদর্শনী ম্যাচ দেখতে পারে।

দিয়েগো ম্যারাডোনা- মাঠের বাইরে মাদক নিয়ে নানা বিতর্কে জড়ানো ‘গোল্ডেন বয়’ ম্যারাডোনাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঝমাঠ থেকে একাই ৬০ মিটার (৬৬ গজ) ড্রিবলিং করে ৫ জন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে তিনি যে গোলটি করেছিলেন, তা পরবর্তীতে শতাব্দীর সেরা গোল (Goal of the Century) হিসেবে স্বীকৃতি পায়। অথচ এই জাদুকরী গোলের ঠিক চার মিনিট আগেই তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত হ্যান্ডবলটি করেছিলেন-যা পরবর্তীতে ‘হ্যান্ড অফ গড’ বা ‘ঈশ্বরের হাত’ নামে পরিচিতি পায়। দেশের হয়ে ৯১ ম্যাচে ৩৪টি গোল করেছেন তিনি।

জোহান ক্রুইফ- তিনবারের ব্যালন ডি’অর জয়ী জোহান ক্রুইফ ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী দর্শন ‘টোটাল ফুটবল’-এর মূল কারিগর ছিলেন। তিনি ফুটবলে এক নতুন ধরণের পরিশীলতা ও নান্দনিকতা নিয়ে এসেছিলেন। ক্রুইফের কাছে ফুটবল কেবল একটি শারীরিক কসরতের খেলা ছিল না, এটি ছিল মন, শরীর এবং শিল্পের এক অপূর্ব মিশ্রণ—যার মূল কথা ছিল সরলতা আর সৌন্দর্য। ক্রুইফ গোল করেছেন এমন কোনো ম্যাচে নেদারল্যান্ডস কখনো হারেনি। আর তিনি গোলও করেছেন ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ৩৩টি।

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার- বিশ্বকাপের নায়কদের তালিকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে ছাড়া কখনোই পূর্ণ হতে পারে না। দিদিয়ের দেশম এবং মারিও জাগালোর পর তিনি ফুটবল ইতিহাসের মাত্র তিনজন মানুষের একজন- যিনি খেলোয়াড় এবং ম্যানেজার (কোচ) উভয় হিসেবেই বিশ্বকাপ ট্রফি জয় করেছেন। একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও পশ্চিম জার্মানির হয়ে ১০৩ ম্যাচে ১৪টি গোল করেছেন এবং ১৯৭৪ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি।

রোনালদো- ব্রাজিলিয়ান মহাতারকা ‘দ্য ফেনোমেনন’ রোনালদো স্ট্রাইকার পজিশনের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা এই তারকা ১৯৯৪ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপের স্বাদ পান, যদিও সেবার তিনি মাঠে নামার সুযোগ পাননি। চার বছর পর ১৯৯৮ সালে একক নৈপুণ্যে ব্রাজিলকে ফাইনালে তুলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। কিন্তু ফাইনাল ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে রহস্যজনকভাবে খিঁচুনি জনিত অসুস্থতায় আক্রান্ত হওয়ায় ফাইনালে তাঁর দল হেরে যায়। তবে ২০০২ বিশ্বকাপে দুর্দান্তভাবে ফিরে এসে টুর্নামেন্টে ৮টি গোল করেন, যার মধ্যে ফাইনালের দুটি গোলও ছিল এবং ব্রাজিলের হয়ে আবারও বিশ্বকাপ জয় করেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]