
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় যেসব আরব দেশে ইরান হামলা চালিয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতে এসব দেশকে ইরান থেকে জব্দ করা অর্থ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিপুল পরিমাণ অর্থ জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। সেই জব্দ করা অর্থ থেকেই আরব দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে। রোববার (৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের পুরোনো হামলায় আরব দেশগুলোর যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতেও ইরানিদের অর্থ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একটি সূত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট তার দলকে ইরানের হামলায় আরব দেশগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের নির্দেশ দিয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। তারা দুজন আলাদা আলাদা ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার রাতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও হামলা পাল্টা হামলা অব্যাহত আছে।
নিহত সেনাদের মধ্যে একজনের নাম ক্যাপ্টেন শাহার গামলা। ২৩ বছর বয়সী এ সেনা সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শনিবার সকালে তার মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার আলাদা ঘটনায় সার্জেন্ট ওহাদ ইয়ারি নামে ২১ বছর বয়সী আরেক সেনা গুলিতে নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তবে তিনি দুর্ঘটনাজনক গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন সেটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েল ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। এরমধ্যে দুই সেনার মৃত্যুর ঘটনা ঘটল।