প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:০৯ এএম (ভিজিট : )
ভৌগোলিক দূরত্ব কখনোই হৃদয়ের আন্তরিক বন্ধনকে স্তব্ধ করতে পারে না—তারই ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করলেন মালদ্বীপ প্রবাসী মোঃ জহির হোসেন। প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়েছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—বিবাহ।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পাচৈঁ গাটিয়া গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের মেজো পুত্র মোঃ জহির হোসেনের সঙ্গে একই উপজেলার প্রবাসী মোঃ ইকবাল হোসেনের কন্যা মিথিলা আক্তারের শুভ পরিণয় পারিবারিক আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়। তবে জীবিকার প্রয়োজনে মালদ্বীপে অবস্থান করায় বরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সম্পন্ন করতে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
বর্তমান বৈশ্বিক প্রবাস বাস্তবতায় কর্মব্যস্ততা, সীমিত ছুটি এবং জীবিকার অনিবার্য চাপের কারণে বহু প্রবাসীকে জীবনের আবেগঘন মুহূর্তগুলোও ভার্চুয়াল পরিসরে উদযাপন করতে হচ্ছে। মুঠোফোনের ক্ষুদ্র পর্দায় সম্পন্ন হওয়া এই বিবাহ যেন প্রবাস জীবনের নিঃশব্দ ত্যাগ, অপেক্ষা ও বেদনাবিধুর বাস্তবতার প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত স্বজনদের উচ্ছ্বাস থাকলেও অনুপস্থিত ছিল বর-কনের সরাসরি সহাবস্থান, আত্মীয়স্বজনদের সঙ্গে প্রাণবন্ত মুহূর্ত ভাগাভাগি এবং নতুন জীবনের সূচনালগ্নের আবেগঘন অনুভূতি। ফলে আনন্দঘন আয়োজনের অন্তরালেও স্পষ্ট হয়ে উঠেছে প্রবাসজীবনের নির্মম বাস্তবতা।
প্রবাসীদের আস্থার প্রতীক “কাচ্চি ডাইন”-এ আয়োজিত এই অনুষ্ঠান সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী মোঃ আবুল কাশেম।
তিনি বলেন, “আমি নিজেও একজন প্রবাসী। তাই প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি। ‘কাচ্চি ডাইন’ সবসময় প্রবাসীদের জন্য আন্তরিক সেবা ও পারিবারিক আবহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
হাজার মাইল দূরত্ব, প্রবাস জীবনের ব্যস্ততা এবং সময়ের সীমাবদ্ধতাকেও উপেক্ষা করে ভালোবাসার যে অবিচ্ছেদ্য বন্ধন অটুট থাকে—মোঃ জহির হোসেন ও মিথিলা আক্তারের এই ভার্চুয়াল বিবাহ তারই এক অনন্য নিদর্শন।