শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কোরিয়া সিফুড শো ২০২৬-এ বাংলাদেশর অংশগ্রহণ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:১৮ পিএম  (ভিজিট : ১০৫)
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কোএক্স (COEX) এক্সিবিশন হল-বি-তে অনুষ্ঠিত “কোরিয়া সিফুড শো ২০২৬”-এ সফল ও উচ্চপর্যায়ের অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ১৯ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২১ মে পর্যন্ত। সামুদ্রিক মৎস্য ও সিফুড খাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সংযোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশনের (KFA) চেয়ারম্যান মি. ইয়ং-হুন চুং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। এ সময় দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. নজমুল হকও উপস্থিত ছিলেন।

মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (BMFA) ব্যানারে “ডিপ সি ফিশার্স লিমিটেড”-এর তিন সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. ইয়ং-হুন চুং এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরীর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন এবং দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের সিফুড পণ্যের প্রসারে ডিপ সি ফিশার্স লিমিটেডের উদ্যোগের প্রশংসা করেন। তিনি কোরিয়ার শীর্ষ আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও বড় খুচরা বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনে দূতাবাসের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া প্রদর্শনী চলাকালে বাংলাদেশি প্রতিনিধি দলের জন্য ব্যবসায়িক অংশীদারিত্ব (B2B) ভিত্তিক বৈঠক ও যোগাযোগের ব্যবস্থাও করছে বাংলাদেশ দূতাবাস, যাতে কোরিয়াসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উচ্চমানের সিফুড পণ্যের প্রচার ও রপ্তানি সম্প্রসারণ সম্ভব হয়।

কোরিয়া সিফুড শো ২০২৬-এ বাংলাদেশের সফল অংশগ্রহণ বিশ্ব সিফুড শিল্পে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থানকে তুলে ধরেছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে টেকসই ও উচ্চমূল্যের অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশ দূতাবাস এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য কোরিয়ার মন্ত্রণালয় অব ওশানস অ্যান্ড ফিশারিজ, কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সকল আয়োজক প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]