বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী গ্রেপ্তার, উদ্ধার হত্যার অস্ত্র
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম  (ভিজিট : ৮৩০)
গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস শেখ (২৫) হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের মৃত নাছির উদ্দিন কাজীর ছেলে হানিফ কাজী (৫৫)-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে দোলন বাজারে অবস্থিত তার দোকান থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম জানান, গত ৩১ জানুয়ারি রাতে ছৈলাদি গ্রামের শরীফ শেখের ছেলে ইলিয়াস শেখ নিখোঁজ হন। পরদিন ১ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণবাগ গ্রামের কুড়িলটেক ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই সুজন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩(২)২৬। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হানিফ কাজীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তবে মামলার স্বার্থে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “লাশ উদ্ধারের পরপরই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি। আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামীকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]