প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : )
বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী মালের একটি অভিজাত স্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. এমরান হোসেন তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন , মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার ও মো. মোক্তার হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও মো. মাহমুদুল হাসান কালাম; সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম; প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান; দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার; স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান এবং অষ্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের সাংগঠনিক সম্পাদক মো. জামাল খান।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রবর্তক হিসেবে বাংলাদেশের ইতিহাসে অনন্য স্থান অধিকার করে আছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তরে তাঁর অসামান্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বক্তারা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রদূতের ভূমিকা পালন করেছেন। বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর আদর্শ অনুসরণ করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে মালদ্বীপে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।