প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম (ভিজিট : )
মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) মালদ্বীপ ইমিগ্রেশন কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং সুরক্ষা নিশ্চিতকরণে যৌথভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের চলমান ই-ভিসা ব্যবস্থা ও মোবাইল অ্যাপ চালুর অগ্রগতির বিষয়টি তুলে ধরেন, যা প্রবাসীদের ভিসা সংক্রান্ত সেবা আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে।
এ সময় বাংলাদেশের হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম শ্রমিক শোষণ বন্ধ, তথাকথিত “ফ্রি-ভিসা” প্রথা নির্মূল, ন্যায্য বেতন নিশ্চিতকরণ, চিকিৎসা সুবিধা প্রদান এবং প্রবাসীদের জন্য নিরাপদ ও বৈধ ব্যাংকিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের মানবিক মর্যাদা ও আইনগত অধিকার রক্ষায় মালদ্বীপ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
জবাবে, মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বৈঠক শেষে উভয় পক্ষ প্রবাসীদের অধিকার সুরক্ষা ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন