প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম
(ভিজিট : ২৩)

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জড়ো হন তার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। ফুল দিয়ে প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় অনেকের চোখেই ছিল বিদায়ের অশ্রু।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাতিয়া বানু শুকুর মরদেহ নেওয়া হয় চারুকলার বকুলতলায়। নিজেও এই অনুষদের শিক্ষার্থী ছিলেন তিনি। তাই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা।
পরে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হয় তাকে। এ সময় সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শেষ বিদায় জানান এই নাট্যকার ও নির্মাতাকে।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, আকরাম খান, হাবিবুল ইসলাম, চয়নিকা চৌধুরী, নূরুল আলম আতিক, নূর ইমরান মিঠু, কবি কামরুজ্জামান কামু, লেখক সুমন রহমান, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী স্বাগতা, সংগীতশিল্পী প্রবর রিপন ও নির্মাতা আকা রেজা গালিবসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মাতিয়া বানু শুকুর তিন সন্তানও।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা যান নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।
তাঁর মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।