প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম
(ভিজিট : ১১)

জন্মদিনে ভক্তদের নতুন সিনেমার খবর দিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তার পরবর্তী ছবি ‘কালিয়া’র ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস। এটি একটি মনস্টার থ্রিলার, যেখানে কার্তিককে দেখা যাবে ভিন্নধর্মী চরিত্রে। ছবিটি ২০২৮ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) কার্তিকের জন্মদিন উপলক্ষে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করেন নির্মাতারা। প্রকাশিত ভিডিওতে এক মাকে তার ছেলেকে কালিয়া নামের এক রাক্ষসের গল্প বলতে দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় নির্মাতারা লেখেন, ‘শ্রীকৃষ্ণ একে দূর করে দিয়েছিলেন, কিন্তু আমরা মানুষেরাই একে ফিরিয়ে এনেছি।’
ধর্মা প্রোডাকশনস ও ডোপামিন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। এর প্রযোজকদের মধ্যে রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র, মারিজকে ডি’সুজা ও কার্তিক আরিয়ান। পরিচালনা করছেন সন্দীপ মোদী।
হিন্দি সিনেমায় মনস্টার থ্রিলার ঘরানার কাজ তুলনামূলকভাবে কম। ‘কালিয়া’র মাধ্যমে সেই ঘরানায় নতুন কিছু তুলে ধরতে চায় নির্মাতা প্রতিষ্ঠান। সন্দীপ মোদী এর আগে ‘দ্য নাইট ম্যানেজার’ ও ‘আরিয়া’র মতো প্রশংসিত সিরিজ পরিচালনা করেছেন। ‘কালিয়া’ তার প্রথম হিন্দি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমা।
এদিকে কার্তিকের হাতে রয়েছে ধর্মা প্রোডাকশনসের আরেকটি ছবি ‘নাগজিলা’। ফ্যান্টাসি ঘরানার এ ছবিতে ভারতীয় লোককথার সঙ্গে আধুনিক গল্পের মিশ্রণ থাকছে। এতে রূপ পরিবর্তনকারী এক নাগের চরিত্রে দেখা যাবে কার্তিককে।