বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন, নিহত ৩১
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম  (ভিজিট : ৬)

মিসরের রাজধানী কায়রোর কাছে একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। আগুনে পুড়ে গেছে দুই ডজনের বেশি গাড়ি ও মোটরসাইকেল।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কায়রোর উপকণ্ঠে গিজা গভর্নরেটের ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী ট্যাংকারটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর সেটিতে আগুন ধরে আশপাশের যানবাহনে দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মহাসড়কের বড় একটি অংশ আগুনের গ্রাসে চলে যায়। আগুনে অন্তত ২৭টি যানবাহন পুড়ে যাওয়ার প্রাথমিক হিসাব পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহাসড়কজুড়ে আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। আগুনের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করেন দমকলকর্মীরা।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে। যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ট্যাংকারটির নিয়ন্ত্রণ হারানোর কারণ নিয়ে বিভিন্ন তথ্য সামনে এলেও কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এ বিষয়ে তদন্ত চলছে।

মিসরে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, অতিরিক্ত গতি, সড়কের দুর্বল অবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতিকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]