প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
(ভিজিট : ১৩)

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কিছু কিশোর গ্যাং ও তাদের সহযোগীদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা জানাতে যান।
রিজভী বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত। কোনো আধিপত্যবাদী শক্তি এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে না।
এ সময় তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।
রিজভী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাঁর পরামর্শ ও উদ্যোগে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।
তিনি জানান, নতুন মজুরি কাঠামোয় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।
জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে গঠিত নতুন কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।