প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম
(ভিজিট : ১৯)

এস আলমের মতো দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে বিচারের মুখোমুখি না করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এর সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিচারের আওতায় না এনে এস আলমের মতো প্রতিষ্ঠানকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলে তিনি দাবি করেন।
শিক্ষকদের জীবনমান ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা নানা প্রতিশ্রুতিমূলক বক্তব্য দিলেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের যথেষ্ট আন্তরিকতা দেখা যাচ্ছে না। বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকদের সংকট ও তাঁদের প্রয়োজনীয়তা যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষকদের প্রত্যাশার কথা তুলে ধরে হাসনাত বলেন, তাঁরা চান তাঁদের সমস্যা ও সংকট সংসদে তুলে ধরা হোক। এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ এবং দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।