মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কক্সবাজারে পর্যটন কার্নিভাল শুরু, চলবে আগামী বছর ৩১ জানুয়ারী পর্যন্ত
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম  (ভিজিট : ২২)

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং পর্যটকদের আকৃষ্ট করতে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’ শুরু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানে কার্নিভালের পরীক্ষামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা, আয়োজক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় একটি অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটান, গোসল করেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। তবে সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেক পর্যটক একঘেয়েমিতে ভোগেন। তিন মাসব্যাপী এ কার্নিভাল পর্যটকদের সেই সময়টুকু আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকতসহ কক্সবাজারের বিপুল পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন কর্পোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারা আধুনিক হোটেল-মোটেল ও বিভিন্ন পর্যটনসেবা গড়ে তুলেছেন।

তিনি আরও বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন কর্পোরেশন। এর মাধ্যমে পর্যটনশিল্পের অবদান বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আরও বলেন, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি কর্মসংস্থানে যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২ শতাংশ।

পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কক্সবাজারের অসাধারণ সম্ভাবনা রয়েছে। তবে পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কিছু ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারকে প্রতিষ্ঠিত করতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের পর্যটনসেবা ও ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলা হবে। পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এদিকে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল ঘিরে সমুদ্রসৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এতে পর্যটকদের বিনোদন, দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।

অন্যদিকে, পর্যটন কার্নিভাল তৈরিতে সৈকতে ঝাউগাছ কাটার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কক্সবাজারের পরিবেশ সংগঠনের নেতারা। তারা জড়িতদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]