
প্রাথমিক শিক্ষাকে আনন্দময় ও হাতে-কলমে শেখার উপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৮ সালের সংশোধিত পাঠ্যক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার ব্যবস্থা রাখা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে শ্রেণিকক্ষে খেলনা ব্যবহার করে পাঠদানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে এসব খেলার নকশা তৈরি করছে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের সমন্বিত শিক্ষা বা স্টেম পদ্ধতি কার্যকর করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বুধবার ‘গণসাক্ষরতা অভিযান’ (ক্যাম্পে) ও ‘নেটজ বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রতিটি শ্রেণির উপযোগী করে ৪২০টির বেশি খেলার নকশা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে প্রথম শ্রেণির শিশুরা খেলনার সাহায্যে যোগ-বিয়োগ এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে শিখতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ সালে নতুন পাঠ্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। এতে পাঠ্যবইয়ের পাশাপাশি অনুশীলন বই, ভিডিও পাঠ, খেলনা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। জায়গার সংকট রয়েছে এমন বিদ্যালয়ে ছাদে খেলার মাঠ তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশে প্রায় ৩৬ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আইনি জটিলতা কেটে যাওয়ায় এসব পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রাথমিক প্রশিক্ষণের সময়সীমা ১০ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হচ্ছে। এছাড়া পাঠদানের বাইরে তাদের ৩৭ ধরনের দায়িত্ব পালন করতে হয়।
সভায় গবেষণার তথ্য তুলে ধরে ‘স্কিলস ইন্সপায়ার’-এর প্রধান পরামর্শক আতাউল গনি ওসমানি প্রতিটি বিদ্যালয়ে ১০ হাজার টাকা ব্যয়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে স্টেম কর্নার স্থাপনের প্রস্তাব দেন। এ পদ্ধতি চালুর আগে ৩০০ থেকে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক প্রয়োগের পরামর্শও দেন তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী শিক্ষক প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম সম্প্রসারণের কথা জানান। নেপের মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, অনেক শিক্ষার্থী এখনো প্রাথমিক পাঠদক্ষতা অর্জনে পিছিয়ে রয়েছে।
পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ অধ্যাপক নূরুন নবী আলম শিক্ষার্থীদের শেখার ঘাটতি চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন। আর ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনে সম্মিলিত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।