বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম  (ভিজিট : ১৩)
প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শুধু শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বুধবার প্রতিমন্ত্রীর অফিসকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

রীনা ঘেলানি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার।

বাংলাদেশে সংস্থাটির দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় তারা। বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ের শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে আগ্রহী সংস্থাটি।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ে পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সমস্যা সমাধানের ধারণাকে নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরো বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী তারা। সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]