বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিট : ১০)
ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগে।

এই সময় কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ জন্য সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও স্বর্ণালঙ্কারসহ নতুন শিল্প খাতের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় প্রয়োজন হয়। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এ সময় ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর ফলে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত হবে বলে আশা করছে সরকার।
রপ্তানি বহুমুখীকরণে নতুন শিল্প

বৈঠকে রপ্তানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমাতে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চামড়া খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এ জন্য নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের চেষ্টা চলছে।
দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

এফটিএ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।

এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলে বৈঠকে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় উন্নয়ন প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ও রয়েছে।

কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তিনি আরো বলেন, বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ রয়েছে বিশ্বব্যাংকের।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]