প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম
(ভিজিট : ৬)
দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রচার বাড়ানোর লক্ষ্যে আগামী ১৭ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। রাজধানীর পূর্বাচল নতুন শহরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ক্রেতা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
এক্সপো উপলক্ষে আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।
ইপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক্সপোর আয়োজন, প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। পাশাপাশি প্রদর্শনীটির প্রচার ও প্রসারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং রপ্তানি বাণিজ্যের নতুন সুযোগ অনুসন্ধানে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।