
রাজস্ব আদায়ে ঘাটতি এবং সরকারি ব্যয় বাড়ানোর চাপের মধ্যেও দেশের অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, চলতি অর্থবছরে আয়কর ও কাস্টমস খাতে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি তুলনামূলক কম হলেও অর্থবছরের বাকি তিন প্রান্তিকে রাজস্ব আদায়ের গতি বাড়বে বলে আশা করছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
রাজস্ব আদায়ে ঘাটতির মধ্যে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো ঘোষণার উদ্যোগসহ সরকারের ব্যয় বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব ব্যয় যথাযথ হিসাব-নিকাশ করেই করা হচ্ছে। জনগণের করের অর্থ যেন অপচয় না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রতিটি ব্যয়ের বিপরীতে কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের করের প্রতিটি টাকার যথাযথ মূল্য থাকতে হবে। সরকারি ব্যয়ের মাধ্যমে বিনিয়োগের সুফল এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় রেখেই সরকার ব্যয় করছে। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজস্ব আদায়ের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী জানান, আয়কর খাতে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কাস্টমস খাতেও প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ। তবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি তুলনামূলক কম।
ভ্যাট আদায়ের হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে করার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন পদ্ধতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি। পরবর্তী প্রান্তিকগুলোতে এ খাতের আদায়েও প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিক মাত্র শেষ হয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিক অতিক্রম করার সঙ্গে সঙ্গে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। বছর শেষে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিষয়টি কেবল ঋণ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আইএমএফের সঙ্গে একটি সামগ্রিক অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এর আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীর অর্থায়নের বিষয়ও রয়েছে। পাশাপাশি বন্ডসহ অন্যান্য উৎস থেকেও অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে সরকার।
তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি এবং একটি রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
এনবিআরের কাঠামো বিভাজন বা বাইফারকেশন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখন সিদ্ধান্তটি আইনি কাঠামোর আওতায় আনার কাজ সহজ হবে।
সরকারের ব্যয় পরিকল্পনা ও রাজস্ব আদায়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার বিষয়ে তিনি আবারও গুরুত্বারোপ করেন। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করেই অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।