জাহাজ পুনর্ব্যবহার শিল্পে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে ব্যবসায়িক ব্যয় কমানো, বিনিয়োগ আকৃষ্ট করা এবং প্রশাসনিক জটিলতা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে বিভিন্ন সরকারি সংস্থা থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে বর্তমানে ৪৫ থেকে ৬০ দিন যে সময় লাগে, তা কমে ৫ থেকে ১০ দিনে নেমে আসতে পারে। একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরে বারবার যাওয়ার প্রয়োজন কমবে এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে প্ল্যাটফর্মটির নকশা প্রণয়ন করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি কর্মদল এর প্রস্তাবিত কাঠামো ও পরিচালন পদ্ধতিও চূড়ান্ত করেছে। জাহাজ পুনর্ব্যবহার শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প এবং টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শিল্পসচিব আবদুন নাসের খান সাংবাদিকদের জানিয়েছেন, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার শিল্প বাংলাদেশের জন্য সম্ভাবনাময় খাত। সরকারও এ দুটি খাতকে অগ্রাধিকার দিচ্ছে। তাঁর আশা, নভেম্বরের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্যোগটি চূড়ান্ত করা সম্ভব হবে।
বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত সেবা নিয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ে অংশীজনদের একটি সভা অনুষ্ঠিত হয়। এর আগে ৬ অক্টোবরের এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জাহাজ পুনর্ব্যবহার ব্যবসায়ীদের পরিদর্শন ও নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতার বিষয়টি তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বিদ্যমান প্রক্রিয়ায় অনুমোদন পেতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। জাহাজ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর অনুমোদনের অপেক্ষায় ১০০ থেকে ২০০ কোটি টাকার বিনিয়োগ আটকে থাকা অযৌক্তিক। এ সময়ে উদ্যোক্তাদের প্রতিদিন ব্যাংকঋণের সুদ গুনতে হয়।
তিনি উদ্যোক্তাদের ব্যয় কমানো এবং জাতীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব সীমিত করতে পরিদর্শন ও ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান।
শিল্প খাতের প্রতিনিধিরা মনে করছেন, দ্রুত অনুমোদন পাওয়া গেলে নতুন বিনিয়োগ উৎসাহিত হবে, পরিচালন ব্যয় কমবে এবং পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়ার মাধ্যমে দেশের ইস্পাত শিল্পও উপকৃত হবে।
জাহাজ পুনর্ব্যবহার শিল্পের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করেছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) প্রণীত হংকং আন্তর্জাতিক কনভেনশন। জাহাজের নিরাপদ ও পরিবেশসম্মত পুনর্ব্যবহারবিষয়ক এই কনভেনশন ২০২৫ সালের ২৬ জুন কার্যকর হয়েছে। বাংলাদেশ ২০২৩ সালে এতে অনুসমর্থন করে।
কনভেনশনটিতে জাহাজ পুনর্ব্যবহারকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ফলে এ খাতে আন্তর্জাতিক নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বর্তমানে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের অনুমোদন, আমদানি করা জাহাজ পুনর্ব্যবহারের অনুমতি, জাহাজ পরিদর্শন এবং জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার কার্যক্রমের ছাড়পত্র দিয়ে থাকে। তবে এসব কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ কাস্টমস, নৌবাহিনী, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ একাধিক সংস্থার অনুমোদন নিতে হয় উদ্যোক্তাদের।
শিল্পসচিব আবদুন নাসের খান বলেন, অংশীজনদের সঙ্গে পরামর্শ সম্পন্ন হয়েছে এবং বিএসআরবি প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা তৈরির কাজ করছে। এসব নির্দেশিকা চূড়ান্ত হলেই ডিজিটাল ওয়ান-স্টপ সেবাটি চালু করা সম্ভব হবে।