শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতায় দেশের তৈরি পোশাক শিল্পের সংকট আবারও অস্থিতিশীল হচ্ছে। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে না। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরো ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হলে উৎপাদন চালাতে না পারা কারখানাগুলোও বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে কারখানার পরিস্থিতি ও মালিকপক্ষের অবস্থান তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
এ সময় বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান বিজেএমইএ ও বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পাঞ্চলে নিরাপত্তা ও উত্পাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে কারখানা চালু রাখা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আজ রবিবার থেকে উত্পাদন চালাতে না পারা কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হবে।
এমন অস্থিরতার মধ্যেই শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত চারটি গ্রেডে মজুরির প্রস্তাব দিয়েছেন।
অন্যদিকে মালিকপক্ষ আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় লিখিত প্রস্তাব জমা দেবে। বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
অর্থনীতিবিদ ও শ্রম বিশেষজ্ঞদের মতে, শুধু মজুরির অঙ্ক বাড়ানো কিংবা মালিকদের সক্ষমতার যুক্তিতে সিদ্ধান্ত আটকে রাখলে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উত্পাদনশীলতা, পণ্যের ন্যায্য মূল্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে।
এমন পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি জানান, ৫৫টি কারখানা এরই মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরো ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। সব মিলিয়ে ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদনে নেই।
মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নিজেরা কাজে যোগ দিচ্ছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যেতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। এতে কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
সোমবার মালিকপক্ষের মজুরি প্রস্তাব : শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আগামীকাল সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন লিখিত মজুরি প্রস্তাব জমা দেবেন।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে চারটি গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়। গ্রেড অনুযায়ী প্রস্তাবিত মজুরি প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেছেন, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে এই প্রস্তাব করা হয়েছে। তাঁর হিসাবে, চার সদস্যের একটি পরিবারের প্রয়োজনীয় মাসিক ব্যয় ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় শ্রমিকপক্ষ তাদের দাবি সমন্বয় করেছে।
চলমান শ্রম অসন্তোষের কারণে মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ কতটা সক্রিয় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, শ্রমিক আন্দোলন ও বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
‘জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা দেখতে হবে’ : অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরের মতে, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, যাতায়াত, চিকিত্সা ও শিক্ষার ব্যয় বিবেচনায় নিলে বর্তমান মজুরি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের মতে, পোশাকশিল্পের প্রতিযোগিতার শক্তি হিসেবে কম মজুরির ওপর নির্ভরতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি : বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের এই শিল্পে দীর্ঘস্থায়ী শ্রম অসন্তোষ শুধু কারখানার উৎপাদন নয়, দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।