বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইলের ২৬৯ কোটি টাকা রাজস্ব ফাঁকি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম  (ভিজিট : ১১)
বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, ফেব্রিক্স, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে বড় ধরনের গরমিল পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।
 
অভিযোগ রয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করেছে প্রতিষ্ঠানগুলো।

গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
 
সিআইআইডি সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুদ সুতা, ফেব্রিকস, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ যাচাই করা হয়।

এসব তথ্যের সঙ্গে প্রতিষ্ঠানের স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়। কয়েকটি প্রতিষ্ঠানে সুতা ও ফেব্রিকসের ঘাটতি এবং অন্য কয়েকটিতে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুদ পাওয়া গেছে।

পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হয়।
 
ছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে সিম ফেব্রিকস লিমিটেডে।

রূপগঞ্জের এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া জাহিন নিটওয়্যার্স লিমিটেডে ৬৪ কোটি ৬১ লাখ, সানজানা ফেব্রিকস লিমিটেডে ৬০ কোটি ৩৩ লাখ, বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে ৩৯ কোটি ৫০ লাখ, জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে ৯ কোটি ৪৫ লাখ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে ৪ কোটি ৮৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতামূলক রাখতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া। তবে এ সুবিধায় আমদানি করা পণ্য অনুমোদিত উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব হারায়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারক ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
 
সিআইআইডি জানিয়েছে, অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুদ ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে। প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]