প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম
(ভিজিট : ৭)
মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’।
আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরা এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য ১১টি প্রতিষ্ঠান।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, এম/এস এএইচকিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, ইটন ফ্যাশনস লিমিটেড, বুনাম গার্মেন্টস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বেল বটম লিমিটেড, মার্কার, আল-নূর গার্মেন্টস লিমিটেড এবং সওদা ফ্যাশন।
বাংলাদেশের অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ সংবাদ সম্মেলন। এতে বাংলাদেশ-সৌদি আরবের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং সৌদি বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে এক্সপোর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলার (কাউন্সিলর) এ এস এম সায়েম, কাউন্সিলর (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন এবং তৃতীয় সচিব নুরুল আলম।
চার দিনব্যাপী মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক গার্মেন্টস পণ্য, নিটওয়্যার, ফ্যাশনওয়্যার, টেক্সটাইল ও হস্তশিল্প প্রদর্শন করবে।
সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক মানের পোশাক ও ফ্যাশন পণ্যের চাহিদা বাড়ছে। এমন সময়ে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের এই অংশগ্রহণ সৌদি বাজারে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।