প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
(ভিজিট : ২১)
বগুড়ার শেরপুরে দাবিকৃত সাত লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক থাই অ্যালুমিনিয়াম ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, পাঁচ লাখ টাকা লুট ও ব্যবসায়ীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় করা লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভুক্ত হয়েছে।
ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে টাউন কলোনির তিনমাথা মোড় এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়। হামলাকারীরা ক্যাশ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যান বলে তিনি অভিযোগ করেন।
দোকানের মালিক ও শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলম বলেন, বাধা দিতে গেলে তাঁকে, তাঁর স্ত্রী, ছেলে ও মাহমুদুলকে মারধর করা হয়। তাঁর স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাতে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা দাবি করেন মাহমুদুল।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।