প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম
(ভিজিট : ১৩)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান আরও গতিশীল করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর দুটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বিশেষ বরাদ্দ ও একাধিক উন্নয়ন স্কিম অনুমোদন করিয়ে এনেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন।
জানা গেছে, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (IRIDP-3) (৩য় সংশোধন)-এর আওতায় ত্রিশাল উপজেলার বিভিন্ন সড়ক, ব্রিজ, কালভার্ট এবং হাটবাজার উন্নয়নের জন্য প্রায় ১০ কোটি টাকার উন্নয়ন স্কিম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া দেশব্যাপী সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (CSIDP)-এর আওতায় ত্রিশালের প্রতিটি ইউনিয়নের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় খেলার মাঠ, মাদ্রাসা, এতিমখানা ও সেবাশ্রম ব্যতীত অন্যান্য সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য ৩ থেকে ৫ লাখ টাকা ব্যয়ের পৃথক পৃথক স্কিম নির্বাচন করা হবে।
এ বিষয়ে সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন বলেন, “ত্রিশালের প্রতিটি জনপদে টেকসই উন্নয়নের সুফল পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট, সেতু, বাজার ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ত্রিশাল গড়ে তোলাই আমাদের লক্ষ্য। উন্নয়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এলজিইডির এই দুই মেগা প্রকল্পের আওতায় বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম ত্রিশালের অবকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।