প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম
(ভিজিট : ১৩)
বগুড়ার শেরপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত একটি অটোভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গাড়ীদহ ফ্লাইওভারের উত্তর পাশে গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
এদিকে অগ্নিকাণ্ড মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে দেখা যায়, মহাসড়কে একটি বস্তাবোঝাই অটোভ্যানে হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন পুরো ভ্যানটিতে ছড়িয়ে পড়ার আগেই শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে ভ্যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ভস্মীভূত হওয়া থেকে রক্ষা পায়।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পোড়া ভ্যানটি সড়কের একপাশে সরিয়ে রাখা হয়েছিল।
এদিকে ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) শাম্স-ই-তাবরীজ ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখেন ভ্যানটি সেখানে নেই। পরে আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে পাশের একটি বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়।
বাড়ির মালিক মোখলেসের ছেলে প্রতিক (২৫) দাবি করেন, সড়কের পাশে ভ্যানটি দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই তিনি বাড়িতে নিয়ে এসেছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, ঘটনাটি কোনো রাজনৈতিক নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটানো হয়েছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।