“আমি ক্রেডিট চাই না দক্ষিণাঞ্চলের মানুষের দূর্ভোগ লাঘবে বগা সেতু চাই”- উল্লেখ করে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন থেকেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বগা সেতু নির্মাণের জন্য তিনি প্রচেষ্টা শুরু করেন। সেই ধারাবাহিকতায় সংসদ নির্বাচন পরবর্তী সেতু মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বগা সেতু নির্মাণের উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। যার ফলে বগা সেতু নির্মাণের লক্ষ্যে মন্ত্রী নিজে বাউফল পরিদর্শন করেন। কিন্তু একটি মহল যারা জনবিচ্ছিন্ন তারা বগা সেতু নির্মাণ বন্ধে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে। তবে যত ষড়যন্ত্রই হোক, বগা সেতুর কাজ শুরু হবেই, ইনশাআল্লাহ।
রোববার (০৮ নভেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবিল এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বগা সেতু কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এই সেতু বাউফলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা। সেতু নির্মিত হলে শুধু একটি এলাকার মানুষ নয়, পুরো বাউফলবাসী সহ দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে। তাই কে কৃতিত্ব নেবে, কার নামে সেতুর পরিচিতি হবে সেটি মুখ্য বিষয় নয়; মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, অনেকে মনে করেন, সেতু অমুকের আমলে হলো, তমুকের আমলে হলো না, কিংবা মাসুদের আমলে হলো। আরে ভাই, কোন আমলে হলো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, আমাদের মানুষের কষ্ট দূর হচ্ছে কি না। বছরের পর বছর মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে, সেই দুর্ভোগের অবসান হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু,রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলমকে আমি স্পষ্টভাবে বলেছি, বগা সেতু নির্মাণে প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব। তখন মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন, মাসুদ ভাই, আপনার যেতে হবে না। আপনাদের আন্তরিকতা ও মানুষের প্রতি দরদ আমরা জানি। প্রধানমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে এই সেতুর ব্যাপারে বিশেষভাবে তদারকি করার এবং যত দ্রুত সম্ভব কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময়কালে জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, জনগণই হবেন এলাকার প্রকৃত মালিক, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা হবেন জনগণের সেবক। শুধু আমার কোনো কর্মী নয়, আমার পরিবারের কেউ অন্যায় করলেও আপনারা তাকে শাসন করবেন। তাতেও যদি কাজ না হয়, তাকে শাসন করার দায়িত্ব আমি নিজেই নিচ্ছি।
জনগণের ওপর কর্তৃত্ব করার মানসিকতা ব্রিটিশ আমলের শাসনব্যবস্থায় পুনরাবৃত্তি উল্লেখ করে ড. মাসুদ এমপি বলেন, স্বাধীন দেশে এমন কর্তৃত্ববাদী মনোভাবের পরিবর্তে জনগণের অধিকার ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে আর কোনো কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চলতে দেওয়া যায় না, যাবে না। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে জনগণের ওপর মালিকানা প্রতিষ্ঠার সুযোগ দেওয়া উচিত নয়। এলাকার চেয়ারম্যান কিংবা অন্য জনপ্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। জনগণের মতামত, অধিকার ও মর্যাদার যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, আগামী দিনে স্থানীয় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও জনগণের স্বাধীন মতামত ও সিদ্ধান্তের অধিকার নিশ্চিত হওয়া প্রয়োজন। জনগণ যাদের দায়িত্ব দেবেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
মতবিনিময়কালে তিনি স্থানীয় হিন্দু পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয়, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি, সব ধর্মের মানুষের সমান অধিকার, পারস্পরিক সম্মান, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান খান সহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধান ঘরামী, পরেশ ঘরামী, আর.এস.এম. মিত্র, রনজিৎ ও বিপুল বিশ্বাস।
স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আমার জাফর ইকবাল, বাউফল প্রতিনিধি পটুয়াখালী।