শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


তায়েফে প্রথমবার ‘তায়েফ সিজন’, মাতবেন প্রবাসীরা
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম  (ভিজিট : ১৯)
সৌদি আরবের মনোরম পাহাড়ি শহর তায়েফে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি সংস্কৃতির বৃহৎ আয়োজন ‘তায়েফ সিজন ২০২৬’। দেশীয় তারকা শিল্পীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তায়েফে অনুষ্ঠিত হবে প্রবাসীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন। অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে আয়োজক প্রতিষ্ঠান আল আইয়াত রয়েল ইভেন্ট আয়োজন করেছে ব্যাপক প্রস্তুতি।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিনোদন, সংস্কৃতির চর্চা এবং পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করতে এ ধরনের বড় পরিসরের আয়োজন এবারই প্রথম।

আল আইয়াত রয়েল ইভেন্টের সিইও আই কে উজ্জ্বল এর সভাপতিত্বে এবং এ আর নোমানের সঞ্চালনায় আয়োজিত গণমাধ্যম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস আজিজা আব্দুল গফুর।

এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজার আকিলা হাসান, ফাহিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি-বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল।

মতবিনিময় সভায় আয়োজকরা জানান, প্রবাসীদের জন্য একটি নিরাপদ, আনন্দঘন ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আল আইয়াত রয়েল ইভেন্টের সিইও আই কে উজ্জ্বল বলেন—“তায়েফ সিজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলার একটি বড় আয়োজন। মরুর দেশে বাংলা সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা এই আয়োজনে এসে আনন্দের অংশীদার হোক।”

আয়োজকরা জানান, অনুষ্ঠানের নিরাপত্তার জন্য থাকবে দুই শতাধিক নিরাপত্তাকর্মী, প্রায় ৫ হাজার গাড়ির পার্কিং সুবিধা, জরুরি চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের ব্যবস্থা।

এই সাংস্কৃতিক উৎসবে দর্শকদের মাতাতে মঞ্চে থাকছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, নাজমা সুইটি, পারভেজ খান ও গামছা পলাশ। পাশাপাশি স্থানীয় শিল্পী আকিলা, আশা এবং চ্যানেল আই খুদে গানরাজ ইমরান পরিবেশন করবেন গান। থাকবে নৃত্য পরিবেশনা ও আকর্ষণীয় ডিজে শো।

আয়োজকদের প্রত্যাশা, ‘তায়েফ সিজন ২০২৬’ প্রবাসীদের জন্য হয়ে উঠবে আনন্দ, ঐক্য ও বাংলা সংস্কৃতির এক স্মরণীয় উৎসব।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]