রংপুরে সংঘটিত চারজনের মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের চেরাগী চত্বরে মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 'চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীবৃন্দ'-এর উদ্যোগে আয়োজিত সমাবেশে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানায় বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) ও সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন,হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি ও বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি।
সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা মিলন শর্মা ও সমন্বয়কারী শ্রীনন্দ দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠায় এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তারা স্পষ্ট জানিয়ে দেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। সকলের কণ্ঠে একটাই দাবি — দেশে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, প্রতিটি হত্যার বিচার হতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক গোপাল তালুকদার, বিএসপি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নারায়ণ মজুমদার, সহ-সভাপতি গৌরাঙ্গ প্রসাদ, সাধারণ সম্পাদক এডভোকেট সন্জয় চক্রবর্তী, অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রী; সাহাজিপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিংকু দাশ, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক ও পল্লব কান্তি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া দাশ; বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার চট্টগ্রাম মহানগরের সদস্য টিংকু দাশ,পারুল দাশ এবং সমন্বয়কারী ধ্রুব চৌধুরী, মুমু চৌধুরী, রানু সরকার ও স্বপ্না দে প্রমুখ।