শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম  (ভিজিট : ২৮)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে হামদ-নাত পরিবেশন, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ হাসনাত জাহান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য পরিচালক কবি আক্তারুজ্জামান শাহ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফজলুল্লাহ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।

অনুষ্ঠানের একপর্যায়ে হামদ-নাত পরিবেশন করা হয়। এতে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ। পরে জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে ত্রিশালের রয়েছে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক। শৈশবের স্মৃতিবিজড়িত এ জনপদে কবির স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্য-চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]