শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পিএম  (ভিজিট : ১৬৭)
গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের আঘাতে আব্দুল মজিদ (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ উপজেলার জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার মেয়ের জামাই মোজাম্মেল একই উপজেলার মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে বিল্লাল জানান, প্রায় সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী মোজাম্মেল। শুক্রবার বিকেলে মোজাম্মেল তার শ্বশুর আব্দুল মজিদকে ‘কথা আছে’ বলে ফোন করে জামালপুর বাজারে ডেকে নেন।

পরে বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল সঙ্গে থাকা ব্রিফকেস থেকে একটি কুড়াল বের করে আব্দুল মজিদের মাথার পেছনে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মোজাম্মেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, আব্দুল মজিদকে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]