প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৪ পিএম
(ভিজিট : ২৩)
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারের (পানশালা) ভেতরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নাজিবুল হক প্রকাশ রাশেদ (২৮)। তিনি শহরের ২নং ওয়ার্ডের ফিশারীঘাট এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর অভিযুক্ত যুবককে নিহতের স্বজনরা মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে। নিহত সলোমান সিকদার প্রকাশ সালমান (২৮) শহরের ৬নং ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রেনেসাঁ হোটেলের বারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পুলিশ ও বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ ও সালমান ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা পাঁচ বন্ধু রেনেসাঁ হোটেলের বারে মদ পান করতে গিয়েছিলেন। এ সময় ফিশারীঘাট এলাকার রাশেদ ও নুনিয়াছড়া এলাকার আনসারের মধ্যে কোনো একটি জায়গার বিষয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সালমান রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে নুনিয়ারছড়া এলাকা থেকে হোটেলটিতে আসেন রাশেদের স্বজনেরা। এরপর তাঁরা সালমানকে মারধর করতে করতে নুনিয়ারছড়ার একটি বরফমিলে নিয়ে যান। ছুরিকাঘাতের বিষয়টি জানার পর পুলিশ গিয়ে সালমান আহত অবস্থায় উদ্ধার করে হেফাজতে নেন। অবস্থা বেগতিক দেখে রাত একটার দিকে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘বারে বসে মদ পান করার সময় কথা-কাটাকাটি থেকে ছুরিকাঘাতে রাশেদের মৃত্যু হয়। পরে তার স্বজনদের পিটুনিতে আহত অভিযুক্ত সালমানকেও আমরা আটক করি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।’
অহিদুর রহমান আরও বলেন, ‘আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং বারে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে সালমান মিয়া একটি কিশোর গ্যাংয়ের লিডার। তাঁর বিরুদ্ধে সদর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এছাড়া, রাত ২ টার দিকে নিহত রাশেদের স্বজন ও বন্ধুরা শহরের নুনিয়াছড়া এলাকার আনচারের বাড়ীঘরে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।