প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৩ পিএম
(ভিজিট : ১৩)
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর রেজিস্ট্রেশন কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ লোহাগাড়া উপজেলা পর্যায়ে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লোহাগাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের সভাপতিত্বে সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রধানমন্ত্রীর গোল্ডকাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের আয়োজন সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) এস এম চিশতী। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাস্টার নাছির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হক, নির্বাহী সদস্য এস এম আবু সাইদ চৌধুরী টিটু, মো. জহির উদ্দিন ও মিজানুর রহমান নিশানসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করা সম্ভব।
এ সময় নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় নির্বাচন, মাঠ ব্যবস্থাপনা, খেলার সময়সূচি, নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। আলোচনায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক পরিবেশে সম্পন্ন করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।