প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩০ পিএম
(ভিজিট : ২৩)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে শুকতারা সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল স্মরণসন্ধ্যা’। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুকতারা সংঘের ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব।
আলোচনা সভায় বক্তব্য দেন, শুকতারা সংঘের সাবেক সভাপতি ইবনে খালিদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, শুকতারা সংঘের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আদিলুজ্জামান, সাবেক নাট্য সম্পাদক আব্দুল বারী খোকন এবং সাহিত্য সম্পাদক মাহবুব মাস্টার।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য কবি। তাঁর সাহিত্য ও দর্শন বাঙালির জাতীয় জীবনে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। ৫০তম প্রয়াণবার্ষিকীতে বক্তারা জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে আরও ব্যাপক পরিসরে পালনের দাবি জানান।
আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অবিনাশ চন্দ্র দাম ও ওস্তাদ আলোক কুমার পাল। নজরুলের গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
নজরুলের বিদ্রোহী চেতনা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ স্মরণসন্ধ্যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।