শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিট : ১৬)
জীবনের সঙ্গে লড়াই করছেন সবজি বিক্রেতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা মো. তাজিবুর রহমান। দীর্ঘদিন ধরে একের পর এক জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ও অস্ত্রোপচারে সর্বস্ব হারিয়েছেন তিনি। বর্তমানে পেনক্রিয়াসে পাথর ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। এমন সংকটময় মুহুর্তে তাঁর পাশে দাঁড়িয়েছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন।

শুক্রবার দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে মো. তাজিবুর রহমানের হাতে চিকিৎসা সহায়তার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

জানা গেছে, তাজিবুর রহমান ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের একজন নিম্নআয়ের ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় কাঁচাবাজারে সবজির দোকান চালিয়ে চার সদস্যের সংসার চলছিল। প্রায় সাত-আট বছর আগে খাদ্যনালিতে পাথর ধরা পড়লে দীর্ঘদিন চিকিৎসার পর ঢাকায় অস্ত্রোপচার করতে হয়। পরে ডায়াবেটিসে আক্রান্ত হন। কয়েক বছর যেতে না যেতেই পিত্তথলিতে পাথর ধরা পড়লে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়। একের পর এক চিকিৎসা ব্যয় মেটাতে নিজের সহায়-সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন তিনি।

সম্প্রতি তাঁর পেনক্রিয়াসে পাথর ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করলে তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা করানো তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

সহায়তা গ্রহণকালে আবেগাপ্লুত তাজিবুর রহমান বলেন, ‘আমি বাঁচতে চাই। আমার ছোট একটি পরিবার আছে। চিকিৎসার জন্য যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতাই আমার শেষ ভরসা।’

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, ‘মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।’
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, এইচ এম জোবায়ের হোসাইন, মাহবুবুল আলম উজ্জ্বল, আব্দুল্লাহ আল ফাহাদ, এস এম মাসুদ রানা, মুহতাসিম বিল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, শাওনসহ অন্যান্য সদস্যরা।

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। তাজিবুর রহমানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনটি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]